২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বিভাজনকারীদের সঙ্গে লড়াই করা উচিত হবে না: দীনেশ ত্রিবেদী

অশান্ত পৃথিবীতে সন্ত কবীর ও লালন ফকিরকে বাতিঘর হিসেবে দেখার তাগিদ দেন হাই কমিশনার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 10:48 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

কোনো ধর্মের বাণীতে ধর্মীয় বিভাজনের কথা না থাকার কথা তুলে ধরে ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “যারা বিভাজন, ঝগড়া করছে, তাদের সাথে কোনো লড়াই করা বোধহয় উচিত হবে না। কারণ ওরা রাস্তা ইচ্ছা করে হারিয়েছে। 

“আজকের দিনে একটা জিনিস আছে ফেইসবুক। ওই ফেইসবুকের কোনো ফেইস থাকে না। অনেক সাবধান হয়ে আামাদের চলতে হবে। কেননা শান্তির পথে লড়াই অনেক আছে।”

রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে শুক্রবার সন্ধ্যায় ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০ দিনের এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।

কোভিড-১৯ ধর্ম বিবেচনায় আক্রান্ত করেনি এবং টিকাও মানুষের উপর ধর্ম বিবেচনায় প্রয়োগ করা হয়নি বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, “আমি তো কোনো একটা ধর্ম দেখিনি, যা মানুষের কথা বলেনি। ধর্মের কথা বলে যদি কেউ ব্যবসা করার থাকে, ওই কথা আলাদা। আমি হয়ত এত ধর্মগ্রন্থ পড়িনি, কিন্তু আমরা বন্ধুবান্ধব সব ধর্মের লোক। আমি তো কোথাও কিছু বিভাজন পাইনি।”

সন্ত কবীর এবং লালনের গানের মধ্যে মিলের কথা তুলে ধরে তিনি বলেন, “কবীর বলেছেন, মোকো কাঁহা ঢুন্ডে রে বান্দে, ম্যায় তো তেরে পাস মে’। অর্থাৎ আমাকে কোথায় খুঁজছ তুমি, আমি তো তোমার মধ্যেই আছি।

“তাই লালন ফকিরও বলল, ‘লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে’। লালন ফকির কোনো বিভাজন দেখতে পাননি।”

বর্তমান বিশ্বে অশান্তি চলার কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, “সাগরে জাহাজ হারিয়ে গেলে ওটা লাইটহাউজ দেখে। আজকে যদি পৃথিবী পথটা হারিয়ে গেছে, অশান্তি হচ্ছে, তাহলে কবীর আর লালন হচ্ছে লাইটহাউস। এইটা আপনাকে মনে রাখতে হবে।” 

এর আগে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে এই উৎসব।