কেরাণীগঞ্জে আগুনে প্রাণহানির ক্ষতি অপূরণীয়: প্রধানমন্ত্রী
শোক প্রকাশের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকার কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাতে এক বিবৃতিতে শোক প্রকাশের পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।”
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর শোক বিবৃতির বিষয়টি তুলে ধরা হয়।
প্রেস সচিব বলেন, “দুর্ঘটনার খবরের পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থারও নির্দেশ দেন তিনি।”
শনিবার দুপুরে কদমতলীর চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। এ ঘটনায় পাঁচজনের প্রাণ গেছে।
