Published : 18 Nov 2025, 08:42 PM
প্রাথমিক শিক্ষা বিষয়ে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন-ডিপিএড’ চালু হতে যাচ্ছে আগামী জানুয়ারি থেকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপ প্রোগ্রামটি পরিচালনা করবে, যা দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআইতে পরীক্ষামূলকভাবে চালু হবে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেপ মহাপরিচালক ফরিদ আহ্মদ নতুন এ প্রোগ্রামের বিস্তারিত তুলে ধরেন।
পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সর্বসাধারণের জন্য ডিপ্লোমা প্রোগ্রাম হিসেবে আমরা ডিপিএড চালু করতে যাচ্ছি। প্রাথমিক শিক্ষা নিয়ে পড়ালেখায় আগ্রহী স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারীরা এ কোর্সটি করতে পারবেন।”
প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কোর্স হিসেবে ডিপিএড চালু আছে তুলে ধরে নেপ মহাপরিচালক বলেন, “অনেক সময় বিদেশ থেকে ফোন করে আমাদের কাছে জানতে চাওয়া হয় ডিপিএড সম্পর্কে। এ মৌলিক প্রশিক্ষণ নেওয়া যেসব শিক্ষক বিদেশে পাড়ি জমিয়েছেন তারা হয়তো ওই সার্টিফিকেটটি ব্যবহার করার চেষ্টা করেন।
“আমরা মনে করছি, এটি হয়তো বিদেশে শিক্ষকতায় আগ্রহীদের জন্য উপকারী হবে। তাই ডিল্পোমা প্রোগ্রাম হিসেবে এ কোর্সটি আমরা চালুর সিদ্ধান্ত নিয়েছি।”
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর ও বগুড়া পিটিআইতে জানুয়ারি মাস থেকে ডিপিএড কোর্স পরীক্ষামূলকভাবে চালু করার কথা সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
নেপ মহাপরিচালক ফরিদ বলেন, এ ডিপ্লোমা প্রোগ্রামটি হবে দুই সেমিস্টারের। ফি হবে প্রতি সেমিস্টারে ৬ হাজার করে ১২ হাজার টাকা। আর মেয়াদ হবে ১০ মাস। প্রোগ্রামটি অনাবাসিক ও বৈকালিক। প্রতি সেমিস্টারেই শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে পাঠদানের সুযোগ পাবেন।
বাংলাদেশের যেকোনো স্থায়ী নাগরিক ডিপিএডে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন তুলে ধরে ফরিদ আহ্মদ বলেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন; তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
তিনি বলেন, আবেদনকারীকে নেপ এর ডিপিএড বোর্ডের ভর্তি পরীক্ষায় বসতে হবে। নির্ধারিত আসনে ভর্তির জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৫০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হবে। সময় হবে ৫০ মিনিট। উত্তীর্ণরা শর্ত পূরণ করে পিটিআইভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন।
দুই সেমিস্টার মিলে মোট ১২০০ নম্বরের মূল্যায়ন হবে তুলে ধরে নেপ মহাপরিচালক বলেন, ডিপিএডে থাকবে মোট ৩৫টি ক্রেডিট। তাত্ত্বিক বিষয় হিসেবে শিক্ষা পরিচিতি ও শিক্ষাদর্শন, শিশুর বিকাশ ও শিখন, শিক্ষণ পদ্ধতি-কৌশল ও শ্রেণি ব্যবস্থাপনা, শিক্ষাক্রম ও শিখন সামগ্রী, শিখন মূল্যায়ন ও ফলাবর্তন, ভাষা দক্ষতা উন্নয়ন-বাংলা ও ইংরেজি, গাণিতিক ও বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ গঠন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা ও শিল্পকলা, হাতে কলমে অনুশীলনের জন্য সিম্যুলেশন, বিদ্যালয়ভিত্তিক অনুশীলন ও প্রতিফলনমূলক চর্চার ব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা।