Published : 13 Nov 2025, 05:39 PM
মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের (এমডিএফ) ৫৬৮ কোটি টাকা প্রতারণা করে আত্মসাতের মামলায় ১২ আসামির জামিন বাতিল করেছে আদালত।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে জামিন বাতিলের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, গত ২৭ অক্টোবর বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলায় ১২ জনকে ঢাকার সিএমএম আদালত জামিন দেয়।
“তাদের জামিন বাতিলের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করি। আজ শুনানি নিয়ে আদালত তাদের জামিন বাতিলের আদেশ দিয়েছেন।”
আসামিরা হলেন- আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।
বিটিআরসির পক্ষে সংস্থাটি জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করে। নেটওয়ার্ক উন্নয়নে আদায়কৃত মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা আত্মসাতে জড়িত ছিলেন আইওএফ কার্যনির্বাহী কমিটির এসব সদস্য।
আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক কল পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক গেটওয়ে খাত কুক্ষিগত করেন সালমান, যার প্রত্যক্ষ নেতৃত্বে আইওএফ নামে সিন্ডিকেট গড়ে ওঠে বলেও মামলায় বলা হয়েছে।
বাদীর অভিযোগ, সালমান এফ রহমানের নির্দেশনায় প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে। অথচ এ প্রতিষ্ঠানটির নামে আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স নেই। মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের নামে অর্থ সংগ্রহ করা হলেও এর প্রকৃত ব্যবহার সম্পর্কে অবগত নন খোদ আইজিডব্লিউ অপারেটররাই।