১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু

ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৫ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 05:05 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

দেশে হামের উপসর্গ নিয়ে গত একদিনে আরো ছয় শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাদের হিসাবে, ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৫ জনে। এর বাইরে ৯৩ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের শরীরে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৪ জন ঢাকা বিভাগে মারা গেছে।

এর বাইরে রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৬০, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ২৪ ঘণ্টায় ৭৪৪ জন হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। এদের মধ্যে ভর্তি নেওয়া হয়েছে ৬৭২ জনকে।

এরমধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ২৮২ জন, রাজশাহীতে ২১, সিলেটে ৪৮, চট্টগ্রামে ১৬৬, বরিশালে ৯৩, ময়মনসিংহে ২৮, খুলনায় ২১ ও রংপুরের হাসপাতালগুলোতে ১৩ জন ভর্তি হয়েছেন।

১৫ মার্চ থেকে দেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে উপসর্গ থাকা রোগীয় সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জন। আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে।