০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিমানের টিকেট ও বলাকা লাউঞ্জে ছাড় মিলবে প্রবাসী কার্ডে: বিমানমন্ত্রী

“পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে ভাবছি,” বলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 04:56 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড় দেওয়াসহ নানা সুবিধা দেওয়ার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দরসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজা খানম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রবাসী কল্যাণ ও প্রতিমন্ত্রী মো. নুরুল হকও সভায় উপস্থিত ছিলেন। 

আফরোজা খানম বলেন, “আমরা প্রবাসী ভাইদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতের উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“আমরা ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।”

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেলগুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে ভাবছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য প্রায়োরিটি চেক ইন ও বোর্ডিং সুবিধার ব্যবস্থাও করা হবে।”

আরো পড়ুন

অগাস্টের মাঝামাঝি আসছে 'প্রবাসী কার্ড'