Published : 18 Aug 2026, 01:31 AM
ঢাকার এলিফ্যান্ট রোডে সড়কের পাশে পাওয়া ককটেলের মতো দেখতে স্কচটেপ মোড়ানো চারটি বস্তু সরিয়ে নিয়েছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বলেন, “আমরা এগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়ে এসেছি।”
এগুলো ককটেল কি না বা নিষ্ক্রিয় করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা কাজ করছি।”
এর আগে রাত ১০টার দিকে ককটেল সদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি ককটেল সদৃশ বস্তু পাওয়ার কথা বলেছিলেন পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার মো. শওকত আলী।
পুলিশ সেখানে গিয়ে আশপাশের লোকজনকে সরিয়ে ঘটনাস্থলের চারপাশে ঘিরে ফেলে। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হলে তারা গিয়ে কাজ শুরু করে।
নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, “লাল টেপ মোড়ানো চারটি বস্তু ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিয়ে গেছেন।”
“তারা পরীক্ষা-নিরীক্ষা করে আমাদেরকে রিপোর্ট দেওয়ার কথা। এখনো আমাদেরকে আপডেট কিছু জানানো হয়নি।”
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাটা সিগনাল ক্রসিং থেকে নিউ মার্কেটের দিকে যাওয়া সড়কের পাশে একটি শপিং ব্যাগে এগুলো ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।