খিলক্ষেতে ডেসকোর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ কর্মীর মৃত্যু
“ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন; কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যান,” বলেন ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক।
ঢাকার খিলক্ষেতে ডেসকোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে খাঁপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশের গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদ বলেছেন, বৈদ্যুতিক তার বসানোর কাজ করতে গিয়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনজন মারা যান।
নিহত তিনজন হলেন, বরগুনার ফুলঝুরি এলাকার মো. রাজিব হোসেন (২৫), বাসুকি এলাকার রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ফরিদ জামান।
ডেসকোর প্রধান প্রকৌশলী মনজুরুল হক বলেন, ওই জায়গায় ডেসকোর আউটসোর্সিং (সাব ঠিকাদার) কোম্পানির কর্মীরা বিদ্যুতের তার বসাচ্ছিলেন। ওখানে তারা ভেকু দিয়ে কাজ করছিলেন।
তিনি বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে তার নামাচ্ছিলেন। এসময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হয়। পরে ওই তিনজন মারা যায়।
তিনজনের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
