Published : 18 May 2026, 09:09 PM
‘জনবান্ধবে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগান নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
সকাল ১০টায় তেজগাঁওয়ে ভূমি ভবনে এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘‘১৯ মে থেকে সারা দেশে তিন দিনের ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হচ্ছে। ঢাকায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে।
‘‘ এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।”
ভূমিমন্ত্রী বলেন, ‘‘মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।”
মেলা প্রাঙ্গণে ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ থাকবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভূমি সেবাসংক্রান্ত অভিযোগের জন্য মেলায় জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ সম্পর্কে প্রচার চালানো হবে।
সংবাদ সম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ, অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী ও অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান উপস্থিত ছিলেন।