Published : 03 Jul 2026, 09:12 PM
ব্যবসার অংশীদার বানানোর কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকায় 'ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড' নামে একটি প্রতিষ্ঠানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে সৌমেন সাহা (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে বিপ্লব চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িকসূত্রে সৌমেন সাহার পরিচয় হয়।
“কোভিড মহামারীর সময় তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে সোনা কেনার কথা বলে বিপ্লবের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে 'ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড' নামের দোকানে ব্যবসায়িক অংশীদার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেওয়া হয়।"
এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা সৌমেনের হাতিয়ে নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অভিযোগের বরাতে ডিএমপি বলেছে, “ভুক্তভোগী তার বিনিয়োগের টাকার হিসাব দাবি করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় সৌমেন। এক পর্যায়ে বিপ্লব গুলশান থানায় মামলা করেন। এ মামলার সূত্রে গুলশান থানা পুলিশ সৌমেনকে গ্রেপ্তার করে।”