Published : 23 Oct 2025, 08:52 PM
ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ঢাকা মহানগরের অনেকগুলো সমস্যার মধ্যে যানজট অন্যতম। যানজটের কারণগুলো অনুসন্ধান করে তা সহনীয় পর্যায়ে রাখার জন্য ঢাকা মহানগর পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “নগর পরিকল্পনায় দূরদর্শিতার গুরুত্ব রয়েছে। ভবিষ্যতের কথা ভেবে আমাদের নগর পরিকল্পনা গ্রহণ করতে হবে। সাধারণ জনগণ সড়ক পরিবহন আইন মেনে চললে এবং সচেতন থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।”
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট-ডিআরএসপি’ এর সমাপনী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অবহিতকরন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাজ্জাত আলী।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তোমোহিদে ইচিগুচি বলেন, “ডিআরএসপি কেবল একটি প্রকল্প নয়, এটি একটি প্রতিজ্ঞা। ঢাকা মহানগরীর সড়ক অধিকতর নিরাপদ করার প্রত্যয়ে ২০২১ সালে এই প্রকল্পের যাত্রা আরম্ভ হয়। এর আওতায় ডিএমপিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে।”
বর্তমানে বাংলাদেশ জাপানের উন্নয়ন সহায়তা গ্রহণকারী অন্যতম শীর্ষ দেশ, যার পরিমাণ বছরে প্রায় দুই বিলিয়ন ডলার, এ তথ্য দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতেও জাইকা বাংলাদেশের পাশে থাকবে।”
সড়ক নিরাপত্তায় সচেতনতার ওপর গুরুত্ব দেন তোমোহিদে ইচিগুচি।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক). মো. জিললুর রহমান।
তিনি বলেন, “জাইকার অর্থায়নে ডিআরএসপি সফল পরিসমাপ্তির পথে। এর মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ঢাকা মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
সেমিনারে জানানো হয়, গত তিন বছরে এই প্রকল্পের আওতায় ঢাকা মহানগর পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ সড়ক নিরাপত্তায় গণসচেতনতা বাড়াতে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৪০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।
সেমিনারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন এজেন্সি, অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বিআরটিএ ও বিআরটিসির প্রতিনিধি, জাইকা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিমসহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।