Published : 03 Mar 2026, 05:06 PM
তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি হলে ‘আধিপত্য বিস্তারকে‘কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এর জেরে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস এলাকায় ছাত্রদল ও শিবির পৃথক পৃথক বিক্ষোভ দেখিয়েছে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান জানিয়েছেন।

পুলিশ বলছে, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে।

ওসি বলেন, “হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করে হামলার প্রতিবাদ ও বিচার চেয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখিয়েছে।
বেলা ১২টার দিকে ছাত্রশিবির ও দুপুর সোয়া ৩ টার দিকে ছাত্রদল ক্যাম্পাস এলাকায় ও সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাহমুদুর রহমান বলেন, “প্রতিষ্ঠানটির ছাত্রদলের প্রায় ২০০ শিক্ষার্থী সাত রাস্তা থেকে মিছিল নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেইটে এসে ৪টার দিকে শেষ করেছে।”
মিছিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি মো. সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

দক্ষিণ গেইটে মিছিল শেষের আগে ছাত্রদলের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে, ছাত্র শিবিরের হামলার ‘সুষ্ঠু বিচার’ না হলে ‘কঠোর কর্মসূচির’ ঘোষণা দিয়েছেন।
ওসি আরো বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
তবে রাতের সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।