১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একাত্তর টিভির চেয়ারম্যান, সিওওর বিরুদ্ধে সমন

বাদী বাবুল বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।

একাত্তর টিভির চেয়ারম্যান, সিওওর বিরুদ্ধে সমন
মোস্তফা কামাল ও শফিক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 11:36 AM

Updated : 11 Sep 2026, 03:49 PM

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির মামলায় একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করে আসামিদের আগামী ১৩ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সেদিন এ আদালতে চারজনের বিরুদ্ধে মামলা করেন একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার।

মামলার অন্য আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের এজিএম অসীম কুমার ও হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১ মে একাত্তর টেলিভিশনে বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে যোগ দেন বাদী বাবুল। কোনো নোটিস ছাড়াই গত ১২ মে তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ জুন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠানো হলে কর্তৃপক্ষ তার পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। বাকি ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।

এজাহারে বলা হয়েছে, বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান বাবুল আক্তার। খুব শিগ্‌গির পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয় তাকে। বাবুল আক্তার অপেক্ষা করতে থাকেন। এরপর আসামিরা টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে। এর মধ্যে ২৫ জুন বিকালে বারিধারায় একাত্তর টেলিভিশন কার্যালয়ে বাবুল পাওনা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। 

ফের টাকা দাবি করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।