১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে

তার গড়া ভাস্কর্যের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 02:39 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

শারীরিক জটিলতা দেখা দেওয়ায় চিত্রশিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ শিল্পী তিন দিন ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আইভি জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামিদুজ্জামান খান ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। 

“হার্ট, কিডনি ভালো আছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। নিউমোনিয়াটা একটু নিয়ন্ত্রণে আসলেই আইসিইউ থেকে বেডে দেওয়া হবে বলে আশা করছি। হাসপাতালে লোকজন ভিড় না করতে চিকিৎসকেরা বলেছেন। এজন্য আমরা আইসিইউর বাইরেই অপেক্ষা করছি।”

বৃহস্পতিবার গঠিত মেডিকেল বোর্ড হামিদুজ্জামানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে বলে জানান আইভি জামান।

হামিদুজ্জামান খান ভাস্কর্যের পাশাপাশি জলরঙ, তেলরঙ, অ্যাক্রিলিক, স্কেচ মাধ্যমেও সমানতালে কাজ করেছেন।

হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফটস (বর্তমান চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। সেখানে ১৯৭০ সালে এই শিল্পী যোগ দেন শিক্ষক হিসেবে। তার গড়া ভাস্কর্যের বেশিরভাগই মুক্তিযুদ্ধকে ভিত্তি করে। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানায় ‘জাগ্রতবাংলা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, ঢাকা সেনানিবাসে ‘বিজয় কেতন’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণে ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ফ্রিডম’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা চিরন্তন’, আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশন প্রাঙ্গণে ‘মৃত্যুঞ্জয়ী’, মাদারীপুরে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ হামিদুজ্জামান খানের অন্যতম বহিরাঙ্গণ ভাস্কর্য। 

এই শিল্পীর একক প্রদর্শনী হয়েছে ৪৭টি। হামিদুজ্জামান ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন। ২০২২ সালে বাংলা একাডেমি ফেলো নির্বাচিত হন।