১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাম্য হত্যা: বৃহস্পতিবার শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 11:39 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন চালিয়ে আসা ছাত্রদল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে।

বুধবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বুধবার বৈঠকও করেছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।

এ দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার করতে আমরা ৪৮ ঘণ্টা যে সময় বেঁধে দিয়েছিলাম তা শেষ হয়েছে। তাই আমরা সাম্যের হত্যাকাণ্ডের অগ্রগতি জানতে উপাচার্যের সঙ্গে বসেছি। আমরা তাদের ব্যবস্থায় সন্তুষ্ট না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব।”

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিস তালা দিয়ে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রদল ও বাম নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন সকালে সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ’১০-১২ জনকে’ আসামি করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন।