Published : 26 Mar 2026, 06:36 PM
মেয়ে জাইমা রহমানকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রীকে। মাঠে তাকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে। সাবেক ফুটবলারদের নিয়ে লাল দল ও সুবজ দল এই ম্যাচে লড়াই করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী খেলা উদ্বোধন করেন এবং মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় গ্যালারি থেকে অনেক দর্শক করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদন জানান।
পরে মাঠে বসে প্রধানমন্ত্রী খেলা দেখেন। মেয়ে ছাড়াও তার সঙ্গে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু উপস্থিত ছিলেন।
খেলা শেষে তারেক রহমান বলেন, “আমরা সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়া জগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই।
“খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠান ছিল, এখানে নতুন কুঁড়ি স্পোর্টসও চালু করতে চাই।”
প্রধানমন্ত্রী বলেন, “শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল ও বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।”