১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকা ছাড়ল ভারতীয় চিকিৎসক দল

“বিশেষজ্ঞ দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে,” বলছে ভারতের হাই কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের ‘প্রয়োজনে’ ভারতে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ছেড়েছে দেশটির চিকিৎসক দল।

সোমবার ঢাকার ভারতীয় হাই কমিশনের এক বার্তায় বলা হয়, “ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল - নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছে।”

হাই কমিশন বলছে, ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

ঢাকায় চিকিৎসক দলটির কার্যক্রম তুলে ধরে বার্তায় বলা হয়, “ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে কাজ করেছেন। তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ দিয়েছেন।

“ভারতীয় দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবেলায় মতামত বিনিময় করেছে।”

হাই কমিশন বলছে, “বাংলাদেশ চাইলে আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনে ভারতে আরও সহায়তা দিতে প্রস্তুত। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রয়োজন পড়লে ভারত সেটাও করবে।  

“বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এ সফর আমাদের দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।”