১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ

শোক জানিয়েছেন প্রধান বিচারপতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে উচ্চ আদালতের কার্যক্রম একদিন বন্ধ রাখা হয়েছে। 

রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এক শোকবার্তায় এ কথা জানানো হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। প্রয়াতের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইউসুফ হোসেন হুমায়ুনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিন দুপুর পৌনে ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউসুফ হোসেন হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হবে। 

ইউসুফ হোসেন হুমায়ুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৬–২০১৭) এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।