Published : 30 Apr 2026, 03:48 PM
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম জামসেদ আলম বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। এরপর জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের মামলায় তিন দফায় তাকে ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এরপর ২২ এপ্রিল রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে পাঁচ দিন এবং ২৬ এপ্রিল আরও চার দিনের রিমান্ড দেয় আদালত।
রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে একই মামলায় আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।
রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। শুনানি নিয়ে আদালত তিন দিন রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সদস্যরা গত ১২ সেপ্টেম্বর রূপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করছিলেন। একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়।
এ ঘটনায় ওই দিনই রমনা মডেল থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা করেন এসআই আওলাদ হোসেন।