০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জ্যাকব

“এজাহারে তার নাম নেই, সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে,” বলেন জ্যাকবের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 05:07 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ভোলা-৪ আসনের সাবেক এমপি মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব চারটি মামলায় জামিন পেলেও নতুন করে দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে 

সোমবার ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন বলে জ্যাকবের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার তথ্য দিয়েছেন।

জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকায় মো. রিফাত হোসেন নামে এক যুবককে হত্যাচেষ্টার মামলায় গত ১৫ জুলাই তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ভাটারা থানার এসআই মাহমুদ হাসান।

আর ইমন নামে ১২ বছরের এক কিশোরকে হত্যাচেষ্টার মামলায় আগের দিন ১৪ জুলাই তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ভাটারা থানার এসআই মাহমুদ হাসান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রেখেছিলেন সোমবার।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত রিফাতকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত ইমনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। আদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।

জ্যাকবের বিরুদ্ধে এখন পর্যন্ত আটটি মামলা হওয়ার তথ্য দিয়ে তার আইনজীবী মো. খায়ের উদ্দিন বলেন, “আজ (সোমবার) নতুন করে দুইটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। এজাহারে তার নাম নেই, সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।”

রিফাতকে হত্যাচেষ্টা মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ অগাস্ট সকাল থেকে তিনি মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর ২টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হলে ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হন রিফাত।

এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে সুস্থ হয়ে মিরপুর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

অপরদিকে ইমনকে হত্যাচেষ্টা মামলায় বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে ১২ বছরের কিশোর ইমন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তার বাবা সুমন শেখ হাসিনাসহ ১১৬ জনের নামে আদালতে মামলা করেন।