Published : 08 Sep 2026, 10:54 AM
মালয়েশিয়ার ৬৯তম জাতীয় দিবস ও মালয়েশিয়া দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।
বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে আরও ‘গভীর ও বহুমাত্রিক’ করার প্রত্যাশার কথা বলেছেন তিনি।
সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে স্থানীয় সরকারমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের মালয়েশিয়া সফর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে। ভবিষ্যতে এই বাণিজ্য আরও বাড়ানোর পাশাপাশি মুক্ত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, বৈদ্যুতিক যান ও আধুনিক প্রযুক্তির মত খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মঈন খান।
কোনো অসাধু চক্র যাতে অভিবাসনপ্রত্যাশীদের সুযোগ নিতে না পারে, তা নিশ্চিত করতে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী।
এ ছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়াকে ‘গঠনমূলক ভূমিকা’ নেওয়ার আহ্বান জানান মঈন খান।