Published : 14 Sep 2026, 05:56 PM
দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
কর্মক্ষেত্রে অনুমতি ছাড়া অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের নির্দেশনাও দেন তিনি।
সোমবার মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন মন্ত্রী সাখাওয়াত হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষণের সময় কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
“পাশাপাশি, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন।’’
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরো জোরদার করা হবে।
এখন থেকে তিনি নিজ কার্যালয় থেকেই নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।