১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান মারা গেছেন

“অপারেশন ভালোই হয়েছিল। তবে বয়স এবং নানা শারীরিক জটিলতায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 02:30 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকাল ১০টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়; তার বয়স হয়েছিল ৮১ বছর।

ল্যাবএইড হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. রেজাউর রহমান বুকে ব্যথা নিয়ে গত ১৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এনজিওগ্রাম করে দেখা যায় রক্তনালী বন্ধ হয়ে গেছে। ওটা স্টান্ট করে খোলা যাবে না। এ কারণে ১৫ অক্টোবর তার অস্ত্রোপচার হয়।

“অপারেশন ভালোই হয়েছিল। তবে বয়স এবং নানা শারীরিক জটিলতায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সকাল ১০টার দিকে মারা যান তিনি।”

রেজাউর রহমানের জন্ম ১৯৪৪ সালে ঢাকায়। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে এমএসসি পাশ করেন। ১৯৬৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। সাভারের আণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠানের খাদ্য ও বিকিরণ জীববিদ্যা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তিনি।

রেজাউর রহমানের গবেষণার প্রধান ক্ষেত্র ছিল কীটপতঙ্গের উপর তেজস্ত্রিয়ার প্রভাব।

লেখালেখিতেও যুক্ত ছিলেন তিনি বিজ্ঞানবিষয়ক পাঠ্যবইসহ কিছু বিজ্ঞান গ্রন্থ এবং বিজ্ঞানবিষয়ক অনেক প্রবন্ধও লিখেছেন। লিখেছেন কিছু উপন্যাস ও গল্পও

লেখালেখিতে অবদান রাখার জন্য গেল বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান রেজাউর রহমান।