Published : 16 Feb 2026, 07:02 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ধাপে ধাপে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা তার কাছে শপথ নেবেন।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সংসদ সচিবালয়ের এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা জানিয়েছেন।
ইসি সচিব বলেন, “সংসদ সচিবালয় থেকে সিইসি মহোদয়কে শপথ পাঠের সময় ও তারিখের বিষয়ে পাঠিয়েছে। দুটি শপথই পড়াবেন তিনি। সকাল ১০টা থেকে এ শপথ পাঠ হবে।”
সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ আয়োজন করা হবে। এক্ষেত্রে দল বা জোটভিত্তিক ও স্বতন্ত্রদের আলাদা আলাদা শপথ পড়ানো হবে।
বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।
সকালে সংসদ সদস্যদের শপথের পর বিকালে সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার ভোটের পর শুক্রবার রাতে ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট করা হয়। সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। সেক্ষেত্রে মঙ্গলবার ২৯৬ জন শপথ নেবেন।