হুইল চেয়ারে সংসদে মির্জা আব্বাস
সংসদ সদস্য টেবিল চাপড়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যকে স্বাগত জানিয়েছেন।
চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে যোগ দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে হুইল চেয়ারে বসা মির্জা আব্বাসের উপস্থিতি ঘোষণা করে স্পিকার বলেন, “সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে (মির্জা আব্বাস) এই সংসদে স্বাগতম জানাচ্ছি।”
এ সময় সব সংসদ সদস্য টেবিল চাপড়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যকে স্বাগত জানান।
জবাবে মির্জা আব্বাসও ডান হাত একটু উঠিয়ে সবাইর প্রতি সালাম জানান। তাকে ডান হাত উঠাতে সহযোগিতা করছিলেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
দীর্ঘ পাঁচ মাস বিদেশে চিকিৎসা নিলেও এখনো মির্জা আব্বাসের হাত নাড়াচাড়া করতে কষ্ট হয়। চিকিৎসকের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
এর আগে মির্জা আব্বাস হুইল চেয়ার বসে সংসদে এসে পৌঁছালে সংসদ সদস্যরা কাছে এসে তাকে সালাম জানান ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মতিষ্কে অস্ত্রোপচার করে।
এরপর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। সেখানে টানা একমাসের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গত ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
