Published : 23 Jul 2026, 09:15 PM
রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট ২০২৬’ শুরু হচ্ছে শনিবার।
‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ শিরোনামের এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই দিনের এ আয়োজনে সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, বৈশ্বিক অংশীদারত্ব, গবেষণা, বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান ‘ডিপ-টেক’ প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।
‘বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ‘সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচি’ এ সম্মেলনে আয়োজন করেছে।
বিএসআইএ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে মূল বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিয়ার ও সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি মুহাম্মদ মুস্তাফা হুসাইন।
সম্মেলনে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসও বক্তব্য দেবেন।
সাতটি কৌশলগত প্যানেল আলোচনায় সরকারের প্রতিনিধি, বিএসআইএর সদস্য প্রতিষ্ঠান, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিদেশি সেমিকন্ডাক্টর শিল্প সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।