Published : 18 Jun 2026, 01:21 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বছরজুড়ে যে উদযাপন শুরু হতে যাচ্ছে, সেই ‘নজরুল বর্ষ’ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের সময় পিছিয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘বৃহৎ পরিসরে’ আয়োজনের লক্ষ্যে তারিখ পেছানো হয়েছে।
আগের ঘোষণা অনুযায়ী, তিন দিনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী এ আয়োজন চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের বিস্তারিত সূচি পরে জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন। আগামী বছরের ২৫ মে পর্যন্ত অনুষ্ঠেয় এ আয়োজনের জন্য সোমবার সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ আয়োজন দেশজুড়ে ছড়িয়ে দিতে ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলার প্রতিটির জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট দুই কোটি একাত্তর লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নজরুল বর্ষের কর্মসূচি হিসেবে বড় পরিসরে ‘নজরুল মেলা’, আন্তর্জাতিক নজরুল গবেষক সম্মেলন, দেশব্যাপী নজরুল প্রতিযোগিতা এবং নজরুলের নির্বাচিত শ্রেষ্ঠ লেখা নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মাসভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘নারী মুক্তিতে নজরুলের অবদান’ নিয়ে কাজ, ডিসেম্বরে দেশাত্মবোধক নজরুল সংগীতের বড় আয়োজন এবং রোজার মাসে কবির কালজয়ী হামদ-নাত নিয়ে বিশেষ অনুষ্ঠানের রূপরেখা প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।