১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ৩ সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টাস্কফোর্স  গঠন করেছেন দুদক।

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ৩ সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
লন্ডনে তার অ্যাপার্টমেন্টের সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি: আল জাজিরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

দেশত্যাগের নিষেধাজ্ঞা পাওয়া জাবেদের তিন সন্তান হলেন- জেবা জামান, তানায়েম জামান চৌধুরী ও সাদাকাত জামান। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।

আবেদনে বলা হয়, জাবেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অর্থ পাচারের’ অভিযোগ অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

তার তিন সন্তান দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কার কথা তুলে ধরে দুদক বলেছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থেকে বিরত রাখা দরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর সালমান রহমান ও জাবেদের মত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আরও অনেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচারের অভিযোগ এনে তদন্ত করছে এবং মামলা করেছে।

গত বছরের ১৭ অক্টোবর জাবেদ ও তার পরিবারের নামে দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত।

এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।

এছাড়া তার নামে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব আদালত অবরুদ্ধ রাখতে বলেছে।

এর আগে গত ৭ অক্টোবর এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এছাড়া তাদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগে জাবেদের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

এর জবাবে কয়েক মাস পর আওয়ামী লীগের এ নেতা সংবাদ সম্মেলন করে বলেছিলেন, তার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবু পাকিস্তান আমল থেকেই বিদেশে ব্যবসা করেন। তিনি সেই ব্যবসার উত্তরাধিকারী। যুক্তরাষ্ট্রে পড়ার সময়ও তিনি ব্যবসা করেছেন। যুক্তরাজ্যে তার আয়কর নথিও আছে।

সে বছর ৩১ অক্টোবর সিআইডির তরফে জানানো হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাবেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

সিআইডি বলেছে, “জাবেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের অনুসন্ধান শুরু হয়েছে।”

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি প্রথম মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং পরের মেয়াদে এক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পুরনো খবর:

এবার যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পত্তি জব্দ

যুক্তরাজ্যে হাসিনার মিত্রদের ৬ হাজার কোটি টাকার সম্পত্তির খবর

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু

দেশ-বিদেশে সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ

বিদেশে ব্যবসা নিয়ে সব প্রশ্নের জবাব দিলেন সাইফুজ্জামান