রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রিপন।
রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন।
কদমতলীর জাপানি বাজার ৫ নম্বর গলির বাবু মিয়ার টিনশেড বাসায় কাজ করার সময় ২৮ বছর বয়সি মো. রিপন বিদ্যুৎস্পৃষ্ট হন। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান ছিলেন।
রিপন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার আশারকোটা গ্রামের রহমানের ছেলে। ঢাকায় তিনি শনির আখড়া এলাকায় থাকতেন।
রিপনের সহকর্মী মনির বলেন, ওই বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে অচেতন হয়ে পড়েন রিপন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
