Published : 03 Oct 2025, 07:52 PM
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনে শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম এ আদেশ দেন।
ঢাকার গুলশান এলাকা থেকে গত ২৭ সেপ্টেম্বর শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ডের আদেশ আসে। সেই রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, আদালতে শাহেদের আইনজীবী বাবুল আক্তার (বাবু) তার জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে আদেশ দেয়।
তার বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। সেসময় পাঁচজনকে গ্রেপ্তার ও তাদের মোবাইল ফোন জব্দ করা হয়।
মামলা বলা হয়, জব্দ করা মোবাইল ফোনে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপের মাধ্যমে আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করতে’ বিভিন্ন প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে পুলিশ দেখতে পেয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন ওই মামলা করেন।
কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসনের এমপি ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন।