১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরকে আরো সমৃদ্ধ করে তোলার সুযোগ রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জাদুঘর পরিদর্শনকালে মন্ত্রীকে সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে অবহিত করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরকে আরো সমৃদ্ধ করে তোলার সুযোগ রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রাজধানীর আগারগাঁওয়ে সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন শেষে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরো সমৃদ্ধ এবং বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে।”

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ডা. সারওয়ার আলী এ দিন মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। 

পরিদর্শনের শুরুতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশমুখে ‘শিখা অনির্বাণ’এর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরিদর্শনকালে জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।