২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাজারে হামলা বন্ধে ‘নির্বাহী আদেশ’ চায় বিশ্ব সুফি সংস্থা

গত ছয় মাসে দেশে ৮০টির বেশি মাজার ও দরবার শরিফে হামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করে নতুন আত্মপ্রকাশ করা সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 08:02 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

দেশের দরগাহ বা মাজারে হামলা বন্ধ করতে আইন-শৃংখলা বাহিনীকে নির্বাহী আদেশ দেওয়ার দাবি জানিয়েছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন ‘বিশ্ব সুফি সংস্থা’।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য হাসান নূর সুরেশ্বরী। সেখানে সংগঠনের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে সুরেশ্বরী বলেন, “গত ছয় মাসে একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার ও দরবার শরিফে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।”

বিশ্ব সুফি সংস্থার বাকি তিন দাবির একটি হলো, মাজারে হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

কেউ যেন মাজারবিরোধী বক্তব্য দিতে না পারেন, সেজন্য মসজিদ, কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষককে সরকারের তরফে চিঠি পাঠানোর পাশাপাশি প্রজ্ঞাপন জারি করতে হবে। 

হামলায় হাতহত ও ক্ষতিগ্রস্ত মাজারে ক্ষতিপূরণ দিতে হবে বলেও লিখিত বক্তব্যে তুলে ধরে সংগঠনটি।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন স্থানে মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটতে থাকে। 

গত শনিবার পুলিশের বরাতে প্রধান উপদেষ্টা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, গত সাড়ে পাঁচ মাসে দেশে ৪০টি মাজার ও তার সঙ্গে সম্পর্কিত ৪৪টি স্থাপনায় ভাঙচুর ও হামলার তথ্য পাওয়া গেছে।

পুলিশের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলা হয় ঢাকা বিভাগে; ১৭টি। এরপর চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলা হয়।