Published : 21 Jul 2026, 07:15 PM
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের মনোবল সবার জন্য প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
তিনি বলেন, “ভয়াবহ অভিজ্ঞতার পরও তারা যে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি তা কোনো দিন ভুলবে না। এই কষ্টের মধ্যেও তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”
মঙ্গলবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক স্মরণসভায় কথা বলছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। মাইলস্টোন ট্র্যাজেডি বছর পূর্তির দিনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আহতদের প্রসঙ্গে জুবাইদা রহমান বলেন, ‘‘এই অভিজ্ঞতা তাদের জীবনের ভবিষ্যতের সংকটময় মুহূর্তগুলো মোকাবিলায় সাহস জোগাবে। একই সঙ্গে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতার মানসিকতা আরও দৃঢ় করবে।’
“তাদের সাহস, দৃঢ়তা, মানবিকতা ও নিঃস্বার্থ সহযোগিতা জাতির জন্য অনুসরণীয়। ভয়াবহ সেই দিনের স্মৃতি এখনো ভীতিকর হলেও শঙ্কা ও ভয়কে জয় করে তারা যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন, তার জন্য তাদের প্রতি দেশবাসী কৃতজ্ঞ।”

২০২৫ সালের ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। তাতে প্রাণ যায় ৩৬ জনের। নিহতদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক এবং একজন স্কুলকর্মী ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।