Published : 25 Oct 2025, 09:56 PM
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ ‘শিগগিরই’ সরকারের কাছে জমা দেওয়া যাবে বলে জাতীয় ঐকমত্য কমিশনের তরফে বলা হয়েছে।
শনিবার বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা সভা করার পর ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয়।
“কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে।”
তবে কবে নাগাদ সুপারিশ জমা দেওয়া হবে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ঐক্যমত কমিশন।
রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ও অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে গেল ১৭ অক্টোবর।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি দল ও জোট জুলাই সনদে স্বাক্ষর করে। পরে স্বাক্ষর করে গণফোরাম।
তবে জুলাই অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাম ধারার চার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ ও বাসদ-মার্কসবাদী সংলাপে থাকলেও তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি। সনদেও স্বাক্ষর করেনি।
ঐতিহাসিক এ দলিলটি স্বাক্ষর হলেও এটি কীভাবে বাস্তবায়ন হবে এবং গণভোট প্রশ্নে দলগুলোর মতভিন্নতা রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারকে সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছে। পরদিন সকালে নিজেদের মধ্যে বৈঠকের পর আবার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের সদস্যরা।
এর ধারাবাহিকতায় শনিবার জাতীয় সংসদের এল ডি হলে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফের বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করে কমিশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েচে, বৈঠকে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূইয়া, ইমরান সিদ্দিক ও তানিম হোসেইন শাওন।
সভায় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে নানা সুপারিশ বিস্তারিত পর্যালোচনা করা হয়। ইতোমধ্যে সাংবিধানিক আদেশ জারির বিষয়টি সামনে এসেছে।
আলোচনায় কমিশনের পক্ষে অংশ নেন সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।
এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও এ সময় উপস্থিত ছিলেন।