Published : 26 Nov 2025, 10:49 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘নির্যাতনের’ অভিযোগ আনা নারীকে না চেনার কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।
বুধবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তরের এ বিষয়ক এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ সহকারী আলী রিয়াজকে নিয়ে এক নারী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রচারের মাধ্যমে তার চরিত্রহননের ‘অপচেষ্টা’ চালাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, “সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।”
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়া আলী রিয়াজের বিরুদ্ধে মঙ্গলবার থেকে অতন্দ্রানু রিপা নামের ওই নারী অপপ্রচার চালাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে ঐকমত্য কমিশনের সহসভাপতির আগে সংবিধান সংস্কার কমশিনের প্রধানের দায়িত্ব পালন করা আলী রীয়াজকে উদ্ধৃত করে বলা হয়, “তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।”
বিবৃতিতে সংশ্লিষ্টদের এসব ভিত্তিহীন বক্তব্য অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছেন আলী রিয়াজ। তা না হলে এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং পরে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী রীয়াজ।
গত অক্টোবরে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে, যারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। পরে ১৩ নভেম্বর উপদেষ্টার পদমর্যাদায় তাকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়।