Published : 12 Aug 2025, 12:33 AM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ডকে’ ইজারা দেওয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার ঢাকায় সিপিবির কার্যালয়ে জোটের এক সভায় নেতারা এমন আহ্বান জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “মানুষের আন্দোলন, বিশেষ করে রোড মার্চের পরও সরকার ইজারা দেওয়া থেকে সরে না আসায় আন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই।”
তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসবে। কিন্তু সরকার জনগণের মতামত উপেক্ষা করে বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে, যা নৌপরিবহন উপদেষ্টার বক্তব্য ও বিডার নির্বাহী চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট হয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল— বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় বাম গণতান্ত্রিক জোট তীব্র ক্ষোভ প্রকাশ করছে। জোটের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।
“অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। দেশের স্বার্থবিরোধী এ ধরনের সরকারের সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করে।বন্দর পরিচালনার মত স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত জনগণের মতামত ছাড়া নির্বাচিত বা অনির্বাচিত কোনো সরকারই নেওয়ার এখতিয়ার রাখে না।”
বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, “সাম্রাজ্যবাদীদের সঙ্গে করা সব চুক্তি জনসম্মূখে প্রকাশ এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।
“একই সঙ্গে সাম্রাজ্যবাদের সামনে নতজানু সরকার ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক জনগণের প্রতি আমরা আহ্বান জানাই।”
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ উপস্থিত ছিলেন।
পুরনো খবর