Published : 14 Jul 2026, 09:07 PM
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিলেও পৌনে দুই ঘণ্টা পর ফের তারা সেখানে জড়ো হতে শুরু করেছেন।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাড়ি চলাচল আটকে দিয়ে সেখানে অবস্থান নেন। এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তায়ও অবরোধ করেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনকারীদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও তাদের সঙ্গে দায়িত্বশীল কারো আলোচনা হয়নি বলে প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন।
তিনি বলেন, “আমাদের কাছে প্রতিনিধি চাওয়া হয়েছে, তারা (সংসদের) ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে।
“আমরা দুই ঘণ্টা বসে থাকলেও কোনো সিদ্ধান্ত দেননি। আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়টাও তারা স্পষ্ট করে কিছু বলছেন না। দুই ঘণ্টা বসে থাকার পরও কারো সঙ্গে কথা বলতে পারিনি। অথচ দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই আমাদের ভেতরে নেওয়া হয়েছিল।”
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, "একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে যাওয়ার কথা ছিল। অনুমতি না পাওয়ায় তারা বাইরে অবস্থান করছে। তাদের সঙ্গে কথা বলছি।”
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছিলেন আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা।

অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেয় পুলিশ। শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে বিকালে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তারা যান সংসদের সামনে। উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক আটকে ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল গেইটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিও হয়েছে। সেখান থেকে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে পলাশী মোড় হয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের দিকে রওনা দেন। সেখানে আধাঘণ্টা অবস্থান করেন। তখন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলে আন্দোলনকারীরা তাতে সায় না দিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন।
আন্দোলনকারীদের ৩ দাবি
• দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের (অতি বৃষ্টিতে বন্যা) প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
• বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা।
• শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ।