১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ২ ট্রাক ভরতি সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ

“সিগারেট উৎপাদনের জন্য এটি মোটামুটি একটি কমপ্লিট ফ্যাক্টরি সেট আপ।“

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 11:41 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

বাগেরহাটে অভিযান চালিয়ে দুই ট্রাক ভরতি সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করেছে বাগেরহাটের ভ্যাট বিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রাক দুটি তল্লাশি করে সিগারেট তৈরির মেশিন, বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিপুল পরিমাণ কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, জেনারেটর, গাম, স্কচটেপ, সিগারেট পেপারসহ সিগারেট উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পাওয়া যায়।

“প্রাথমিক যাচাইয়ে আটককৃত মালামালের নমুনা দেখে প্রতীয়মান হয় যে, সিগারেট উৎপাদনের জন্য এটি মোটামুটি একটি কমপ্লিট ফ্যাক্টরি সেট আপ।“

ট্রাক থেকে মেকিং মেশিন, প্যাকিং মেশিন, ৫০টি প্লাস্টিক ক্রেট, জেনারেটর, ৫১ বস্তা কাটিং তামাক জব্দ করা হয়। প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি তামাক মিলেছে অভিযানে।

এছাড়াও ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম ও আটা, ৫৪ রোল ফয়েল পেপার, প্যাকেট তৈরির ছয় বক্স কাগজ, একটি হাওয়ার ট্যাংক এবং ১০০টি স্কচটেপ জব্দ করা হয়েছে।

এনবিআর বলছে, ট্রাক দুটি এবং জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।