Published : 28 May 2026, 10:05 AM
ঈদের নামাজের পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করে সকাল ৮টা ৪০ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে আসেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমান।
প্রথমে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী একান্তে কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন।

এরপরে দলের নেতাদের নিয়ে কবরে ফাতেহা পাঠ করে এবং বিশেষে মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে বাবা-মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
এ সময়ে স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন, সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী যান বনানীতে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরস্থানে। সেখানে গিয়ে ফাতেহা পাঠ করে মোনাজাতে করেন।
বনানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, সমাজকল্যাণমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ আরও কয়েকজন ছিলেন।