২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিএসবি গ্লোবালের বাশারের ৩টি ফ্ল্যাট জব্দ

অর্থপাচারের মামলায় ১৪ জুলাই ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএসবি গ্লোবালের বাশারের ৩টি ফ্ল্যাট জব্দ
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 01:30 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

অর্থপাচারের মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারের তিনটি ফ্ল্যাট জব্দ করার কথা জানিয়েছে সিআইডি।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই নির্দেশ দেন বলে সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে।

যে তিনটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে, তার মূল্য প্রায় চার কোটি টাকা বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সিআইডি বলছে, বাশারের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সেই অনুসন্ধানে অভিযোগের ‘সাক্ষ্যপ্রমাণ’ পাওয়া গত ৪ মে গুলশান থানায় মানিলন্ডারিং আইনে খায়রুল বাশারের বিরুদ্ধে মামলা করা হয়।

এ মামলায় ১৪ জুলাই ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয়ের আড়ালে খায়রুল বাশার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের নামে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেন এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হোন।"

সিআইডির অভিযোগ, প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ে পাঠানোর প্রতিশ্রুতি দিত। এক্ষেত্রে তারা চটকদার বিজ্ঞাপন দিয়ে  কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে সিআইডি অভিযোগে বলা হয়েছে। 

বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।