Published : 16 Apr 2026, 06:10 PM
‘মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের’ (এমআরডিআই) উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’।
বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার সেন্টারে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, রাজধানীর হোটেল র্যাডিসনে আগামী ৮ ও ৯মে এ সম্মেলন হবে। দেশ-বিদেশের পাঁচ শতাধিক সাংবাদিক, বিশেষজ্ঞ ও গবেষক সেখানে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে হাসিবুর রহমান বলেন, “স্বাধীন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা এবং মানোন্নয়নে সমন্বিত কার্যক্রম কীভাবে নেওয়া যেতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। দেশের সাংবাদিকদের সঙ্গে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও শেখার সুযোগ করে দেওয়াই এর প্রধান লক্ষ্য।”
তিনি বলেন, “দেশ এখন একটি নতুন গণতান্ত্রিক যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গণমাধ্যমের সঠিক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমের নীতিনৈতিকতা, জনআস্থা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিত করা এবং নারীসহ অন্তর্ভুক্তিমূলক বার্তাকক্ষ তৈরির চ্যালেঞ্জ নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা হবে।”
সম্মেলনে ১২টি সেশনে ২০ জনেরও বেশি আলোচক থাকবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।
সম্মেলনের জন্য শুক্রবার রাত ১২টার পর নিবন্ধন সাইট (bdjc.mrdibd.org) চালু হবে। দেশ-বিদেশের সাংবাদিক, শিক্ষক, গবেষক, ফ্যাক্ট-চেকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত নির্বাচন করবেন আয়োজকরা।
আগামী ৫ মে এমআরডিআইয়ের ২৫ বছর পূর্ণ হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেই সম্মেলনের সূচি নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে প্রতি দুই বছর অন্তর এই সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।