১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে না

“বর্তমান পরিস্থিতির কারণে আমরা সুলতানকে নিয়ে অনুষ্ঠানটি করতে পারছি না,” বলেন আলোকচিত্রী নাসির আলী মামুন।

এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে না
এস এম সুলতান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 11:22 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ ঘিরে দুই বছরব্যাপী যে অনুষ্ঠানমালার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে না শনিবার।

এদিন বিশাল এ কর্মযজ্ঞের উদ্বোধন হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় তা বাতিলের কথা জানিয়েছে আয়োজক কমিটি। তবে আসছে নভেম্বরে বড় পরিসরে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এস এম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে মেছের আলী ও মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। এ বছর তার জন্মশতবর্ষ উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘরে দুই বছরব্যাপী অনুষ্ঠান উদ্বোধনের পরিকল্পনা করেছিল ‘শতবর্ষে সুলতান জাতীয় ও আন্তর্জাতিক উদযাপন কমিটি’।

কমিটির সদস্য সচিব, আলোকচিত্রী নাসির আলী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান পরিস্থিতির কারণে আমরা সুলতানকে নিয়ে অনুষ্ঠানটি করতে পারছি না। কয়েক দিন আগেই আমরা অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরে মনে হল, শনিবার সুলতানকে নিয়ে আমাদের আয়োজনটি করা সম্ভব হচ্ছে না, এটা সবাইকে জানানো দরকার।”

সুলতানকে নিয়ে দুই বছরব্যাপী নানা কর্মসূচির যে পরিকল্পনা, তা অব্যহত থাকবে বলেও জানান নাসির আলী মামুন।

“আশা করছি আগামী নভেম্বরে বড় পরিসরে একটি অনুষ্ঠান করা হবে। এ ছাড়া বক্তৃতা, বই প্রকাশসহ নানা রকম পরিকল্পনা করছি। সেগুলো ধীরে ধীরে সবাইকে জানানো হবে।”

আয়োজক কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শিল্পী এস এম সুলতানকে স্মরণ করছি। এই ক্রান্তিলগ্নে ১০ অগাস্ট জন্মশতবর্ষ উদযাপন কমিটি শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছে। তবে এ বছর সুলতান জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সেইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈষম্যবিরোধী চেতনার নন্দন-বীজ নিহিত আছে শিল্পী সুলতানের কাজে। শোষণের বিরুদ্ধে বাংলাদেশের ভূমিপুত্র-কন্যাদের বিদ্রোহী উত্থানের মহাকাব্যিক একেকটি গাথারূপে পাঠ করা যায় সুলতানের শিল্পকর্ম।

“সাম্য আর সৌন্দর্যের যুগল শিল্পভাষার এক মহান স্রষ্টা শিল্পী সুলতান বারবারই তারুণ্য আর কৃষি সভ্যতার বিদ্রোহী উত্থানপর্বের রূপকল্প তুলে ধরেছেন।”