১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নূরুল হুদাকে ঘিরে ‘মব’, ব্যবস্থা নেবে সরকার

”তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ,” বিবৃতিতে বলেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

নূরুল হুদাকে ঘিরে ‘মব’, ব্যবস্থা নেবে সরকার
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 03:20 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বাসায় ঢুকে ‘মব’ তৈরি এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অন্তর্বর্তী সরকার।

রোববার সন্ধায় রাজধানীর উত্তরায় এ ঘটনার পর রাতে এক বিবৃতিতে এ কথা বলা হয়।

সরকার বলছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “গ্রেপ্তারের সময় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি ও ফৌজদারি অপরাধ।” 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে বলে বিবৃতিতে তুলে ধরা হয়।

জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলার আসামি হওয়ার ছয় ঘণ্টা পরই কথিত জনতা উত্তরার বাসা থেকে আটক করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান। বলেন, “জনতা তাকে ঘেরাও করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে নিয়ে এসেছে।”

পরে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরে তাকে আদালতে পাঠানো হবে।

আটকের সময় কথিত জনতা নূরুল হুদার ওপর চড়াও হয়। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে অপদস্থ করে।

ওই সময় কথিত জনতার মধ্যে থাকা কেউ কেউ ফেইসবুকে লাইভও করেন। 

এমন একটি লাইভে দেখা যায় নূরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দেন এক ব্যক্তি। তার গেঞ্জির কলার ধরে রেখে বক্তব্য দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। এসময় ওই ব্যক্তির পাশে পুলিশের পোশাক পরা একজনকে দেখা যায়।

উত্তরা পশ্চিম থানার একজন কর্মকর্তা বলেন, পুলিশ যাওয়ার আগেই ’মব’ তাকে যথেষ্ট হেনস্থা করে ফ্ল্যাট থেকে নামিয়ে আনে। তাকে ডিম ছুড়ে মারা হয়েছিল। তারই ভবন থেকে দুটো জুতা নিয়ে রশির সঙ্গে বেঁধে গলায় ঝুলিয়ে দেয় ওই ব্যক্তিরা। 

একটি ভিডিওতে দেখা যায় তাকে ধরে থাকা লোকটি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে তাকে মারধর করছেন। পরে পুলিশ জুতার মালাটি খুলে নিয়ে সাবেক সিইসিকে হেফাজতে নেয়।

বিষয়টি নজরে আসার পর রাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলেছে, ‘‘সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে।

‘‘অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।’’

এতে ’মব’ নিয়ে আবারও সবাইকে সতর্ক করে দিয়ে বলা হয়, ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।

ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভূমিকা পালনের অনুরোধও করা হয়েছে বিবৃতিতে।

এদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসি নূরুল হুদাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।

এ মামলার আসামির তালিকায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে।

সাবেক সচিব নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি।

তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়। এ ইসির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি।

সাবেক সিইসি নূরুল হুদাকে ধরে পুলিশে দিল কথিত জনতা

সাবেক ৩ ইসির বিরুদ্ধে বিএনপির মামলাশেখ হাসিনাও আসামি