Published : 25 Jun 2025, 12:57 PM
জুলাই আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।
পশ্চিম রামপুরায় রমজান মিয়া হত্যা মামলায় ইনু ও পলককে, মিরপুরের নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ভাটারা থানায় শামিম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য এদিন ঠিক করে দিয়েছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। ১০টা ৪০ মিনিটের দিকে সাবেক মন্ত্রী ও সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শেষ হতে সময় লাগে তিন মিনিট।
পরে আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এসব তথ্য জানিয়েছেন।

রমজান মিয়া হত্যা মামলার অভিযোগ থেকে জানা গেছে, গেল বছরের ১৯ জুলাইয়ে পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় আন্দোলনে অংশ নেন রমজান। ওইদির সকাল ১০টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে রমজান মারা যান।
এ ঘটনায় গত ২৬ মে হাতিরঝিল থানায় মামলা করা হয়।
আলভী হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছর সরকার পতনের আগের তিনি ৪ অগাস্টে মিরপুর ১০ নম্বরের কাছে আন্দোলন অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী। বিকাল ৪টার দিকে আলভীর বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় আলভীকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান ওই শিক্ষার্থী।

শামিম মিয়া হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই মো. শামিম মিয়া রাজধানীর ভাটারা এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন৷ এসময় বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি৷
এসময় শামিমের শরীরে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থও হন তিনি। এ ঘটনায় গত ২২ জানুয়ারি শামিম নিজেই বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন৷