Published : 05 Mar 2026, 01:29 PM
দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের নামে জনতা ব্যাংকে থাকা ২০ লাখ টাকার দুটি সঞ্চয়ী হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হিসাব দুটি অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, লুৎফুল তাহমিনার বিরুদ্ধে ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নিজ নামে এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে।
দুদক জেনেছে, তিনি এসব অর্থ হস্তান্তরের চেষ্টা করছেন, যা হলে মামলার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তার দুই সঞ্চয়ী হিসাব অবরুদ্ধ করা দরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে আসাদুজ্জামান খান কামালকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছে বলে খবর বেরিয়েছে।
ওই বছরের ১৪ সেপ্টেম্বর আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।