১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যা-জখম: ‘অ্যাকশনতো’ হচ্ছে ‘সঙ্গে সঙ্গে’, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

“আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি, আমাদের সবারই একটু আগায়ে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 03:05 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

দেশের কোথাও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে সরকার ‘সঙ্গে সঙ্গে অ্যাকশন’ নিচ্ছে দাবি করে, পরিস্থিতি সামলাতে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মিটফোর্ড হাসাপাতালের সামনে ব্যবসায়ী হত্যা, বিমানে বোমা থাকার উড়ো খবরসহ চাঁদপুরে মসজিদের ভেতরে কুপিয়ে জখম ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর ‘তৎপরতার’ উদাহরণ তুলে ধরে এ কথা বলেছেন তিনি। 

শনিবার ঢাকার গেন্ডারিয়ায় মিলব্যারাক পুলিশ লাইনসের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকার যে হত্যাকাণ্ড এইটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এইটার জন্য আমরা অলরেডি পাঁচজনরে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র‍্যাব দুইজন ধরছে, ডিএমপি দুইজন ধরছে, আজকে একজন ধরছে।

“আমাদের ডিবির টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য।”

বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।

স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, “আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের সমাজের সব শ্রেণি, সবারই একটু আগায়ে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য।”

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই শুক্রবার চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভিতরেই চাপাতি দিয়ে কুপিয়ে এক খতিবকে জখম করা হয়েছে।

প্রায় একই সময়ে খুলনা নগরীতে গুলি করে ও রগ কেটে মাহবুবুর রহমান মোল্লা নামে যুবদলের সাবেক এক নেতাকে হত্যা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এইটাও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তারপরে গতকালকে বিমান কাঠমাণ্ডু যাইতেছিল, ওইখানে কিন্তু একটা ঘটনা ঘটছে। টেলিফোন কইরা বলছে এইটার ভিতরে বোম্ব আছে।

“যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি এবং তারে যে টেলিফোনটা করার জন্য সাহায্য করছে যে দুইজনে, তাদেরও আমরা ধরে ফেলছি। যেগুলি হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু অ্যাকশান নিচ্ছি।"

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদে প্রশ্ন চলার মধ্যেই  দ্রুত গাড়িতে উঠে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

গাড়িতে উঠতে উঠতেই তিনি বলেন, “আমরাতো সাথে সাথে অ্যাকশন নিচ্ছি, আপনারা সাহয্য সহযোগিতা করলে কোনোকিছুই অসম্ভব না।”

নির্বাচনের প্রস্ততি শেষ করা হবে ডিসেম্বরের মধ্যে

সংসদ নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বরে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “নির্বাচনটা কবে হবে ওইটাতো ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু ডিসেম্বরের ভেতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করব। 

“ইলেকশন কবে হবে আমরা কিন্তু জানি না, ইলেকশানের ডেট জানাবে ইলেকশান কমিশন।”

মিলব্যারাক পুলিশ লাইনসের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে পরিদর্শনের উদ্দেশ্য ছিল হল, তাদের সঙ্গে একটু কথা বলা এবং তাদের থাকা, খাবার মানগুলো দেখা। আমি আসছি আইজি সাহেব আসছেন, দেখে গেলাম। পরবর্তীতে আমাদের যে ইলেকশন, ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করব।”

নির্বাচনি প্রস্তুতি নিয়ে সরকারের নতুন বার্তা আসে বুধবার রাতে। সেদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, সব প্রস্তুতি শেষ আর সংস্কারের কাজ হয়ে গেলে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে।  

প্রেস সচিব বলেন, ৮ লাখের মত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দায়িত্ব থাকবেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে এসব সদস্যদের প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন:

ছেলের 'পরকীয়া ঠেকাতেনেপালের ফ্লাইটে 'বোমাথাকার উড়ো ফোন মায়ের

চাঁদপুরে জুমা শেষে মসজিদের ভিতরেই খতিবকে কুপিয়ে জখম

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাচারজন গ্রেপ্তারবহিষ্কার বিএনপির ৫ জন