১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতির পিতার পরিবারের পেছনে কত খরচ, জানতে চায় হাই কোর্ট

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাতির পিতার পরিবারের পেছনে কত খরচ, জানতে চায় হাই কোর্ট
বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

জাতির পিতার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ এবং বিশেষ সুবিধায় ওই পরিবারের সদস্যদের পাওয়া সম্পত্তির হিসাব চেয়েছে হাই কোর্ট।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দিয়েছে। 

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সহকারী সেক্রেটারি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে গত ২৫ অগাস্ট এ রিট আবেদন করেন। 

আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

“জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুসারে ওই পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ করতে এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন হাই কোর্ট।”

রুলে ওই আইনের মাধ্যমে ইতোমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা কেন পুনরুদ্ধার করা হবে না, তা জানতে চেয়েছে উচ্চ আদালত।

রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক (ডিজি) এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি ও স্ক্রিস্টিয়ান পারচিকে।

আরও পড়ুন:

বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত