০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওড়িশায় দুর্ঘটনায় ‘বাংলাদেশি তীর্থযাত্রীদের’ বাস, নিহত ১

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে ভারত সফর করছেন ওই ‘বাংলাদেশি’ তীর্থযাত্রীরা।

ওড়িশায় দুর্ঘটনায় ‘বাংলাদেশি তীর্থযাত্রীদের’ বাস, নিহত ১
দুর্ঘটনা কবলিত বাসের এই ছবি প্রকাশ করেছে ওড়িশা টিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 12:26 PM

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, যে বাসে বহু বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের ভাষ্য। 

ওড়িশা টিভির খবরে বলা হয়েছে, রোববার সকালে ভুবনেশ্বরের উত্তরচকে পর্যটকবাহী বাসটি দুর্ঘটনায় পড়ে। 

ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ লিখেছে, নিহত ওই বাসযাত্রী একজন বাংলাদেশি নাগরিক, যদিও তার পরিচয় প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। 

তবে ওড়িশা টিভি বলছে, নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সূত্রের বরাত দিয়ে দুই সংবাদমাধ্যমেই বলা হয়েছে, ওই বাসে ৭০ জনের মত আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে তারা ভারত সফর করছেন। কাশির বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে যাচ্ছিলেন পুরিতে।  

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার অভিযান শুরু করেন।

ওড়িশা টিভির খবরে বলা হচ্ছে, উত্তরচকের কাছে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।