Published : 05 Aug 2026, 07:24 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হবে বৃহস্পতিবার।
দিনটিতে তার কবর জিয়ারত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনাসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বনানীতে মাহবুব আলী খানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মোনাজাত করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কবরে পুস্পমাল্য অর্পণ, দুঃস্থদের খাবার বিতরণ, জোহরের পর নৌ বাহিনী বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল করবে।
বিকালে ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ কোরআন খতম ও দোয়া মাহফিল হবে। ছিন্নমূল সংগঠন ‘সুরভী’ কার্যালয়েও হবে দোয়া মাহফিল। ১৯৭৯ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন মাহবুব আলী খানের সহধর্মিনী সৈয়দা ইকবাল মান্দ বানু।
এ ছাড়া ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মসজিদে কোরআন খতম হবে। সিলেটের বিরাহিমপুরে নিজ বাসায় জোহরের পর মিলাদ মাহফিল ও আলোচনা সভা হবে। বগুড়ার বিভিন্ন মসজিদ ও মাজারেও কোরআন খতম ও দোয়া মাহফিল হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহবুব আলী আত্মার মাগফেরাত কামনা করে কাবা শরীফে মোনাজাত করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া করা হবে।
মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ অগাস্ট তিনি মারা যান।
মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দ ইকবাল মান্দ বানু। তাদের দুই মেয়ে শাহিনা খান জামান ও জুবাইদা রহমান।