১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিবাসী ভিসা আবেদন দুদিনে নেবে যুক্তরাষ্ট্র

অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অন্তত দুইবার দূতাবাসে যেতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 08:17 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনে অভিবাসী ভিসা আবেদন গ্রহণ একদিনের পরিবর্তে দুদিনে নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস।

দুদিনের মধ্যে ভিসা আবেদন প্রক্রিয়াকরণের কথা তুলে ধরে চারদিন আগে দেওয়া ফেসবুক পোস্ট বুধবার সম্পাদন করে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

সম্পাদিত পোস্টে বলা হয়, “১ জুন, ২০২৬ থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন এক দিনের পরিবর্তে দুই কর্মদিবসে গ্রহণ করবে।”

এর আগে মূল পোস্টটি ছিল, “আগামী ১ জুন, ২০২৬ থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।”

অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ হিসাবে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র সরকার।

যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা নেন, সেসব দেশকে এই তালিকায় ফেলা হয়।

মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, মার্কি নাগরিক বা সেখানে স্থায়ীভাবে বসবাসকারীর পরিবারের সুনির্দিষ্ট সদস্য এবং চাকরির সুবাদে যারা যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের অভিবাসী ভিসা ক্যাটাগরিতে বিবেচনা করা হয়।

দুদিনে কর্মদিবসে ভিসা আবেদন গ্রহণের বিস্তারিত তুলে ধরে দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অন্তত দুইবার দূতাবাসে যেতে হবে। প্রথমবার জাতীয় ভিসা কেন্দ্রের (এনভিসি) দেওয়া অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যেতে হবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় সব কাগজপত্রের আসল এবং কপি নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্টের আগে সব কাগজপত্র আপলোড করতে হবে সিইএসি অ্যাকাউন্টে।

দূতাবাস বলছে, “প্রথম সাক্ষাতে আমরা আপনার সব কাগজপত্র যাচাইবাছাই করব, ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেব এবং নিশ্চিত করব, আপনার কাগজপত্র সম্পূর্ণ কি-না।”

কোনো ডকুমেন্ট বাকি না থাকলে যাচাইবাছাই সম্পন্ন হবে জানিয়ে দূতাবাস বলেছে, “আমরা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব, যাতে অভিবাসী ভিসা সাক্ষাৎকারের তারিখ ও সময় বলা থাকবে। (দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট)। সাধারণত, কাগজপত্র পর্যালোচনার সপ্তাহেই এটা হবে।”

প্রথম সাক্ষাতের দিন পাসপোর্ট ছাড়া বাকি সব আসল কাগজপত্র রেখে দেওয়া হবে। সাক্ষাৎকারের দিন আনতে হবে পাসপোর্ট।

[সংশোধন ও নতুন তথ্য যোগ করে প্রতিবেদনটি হালনাগাদ করা হয়েছে]

পুরনো খবর-

বাংলাদেশিদের অভিবাসী ভিসা না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র